রায়নগর দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসাটি ০১/০১/১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব জনাব মাওঃ মীর মোঃ আব্দুল বাতেন স্থানীয় সমাজহিতৈষী ব্যক্তিগনের সহযোগিতায় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। রাজবাড়ী জেলাধীন কালুখালী উপজেলার অন্তর্গত কালিকাপুর ইউনিয়নের রায়নগর স্লুইসগেট বাজার সংলগ্ন চৌরাস্তার পাশে এক মনোরম পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত। ১৯৮১ সালে প্রতিষ্ঠাতা মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় মাদ্রাসাটি দাখিল পর্যায়ে ১৯৯২ সালে আলিম পর্যায়ে স্বীকৃতি লাভ করে এবং ২০১৮ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা কর্তৃক ফাজিল পর্যায়ে পাঠদানের অনুমতি পেয়ে সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে । দেশে দ্বিমুখী শিক্ষাব্যবস্থার প্রেক্ষাপটে ইসলাম ও আধুনিক শিক্ষার বাস্তবতার নিরীক্ষে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। ইসলামি জীবন দর্শন, মূল্যবোধ ও নৈতিকতার মানদণ্ডে মুসলিম সন্তানদের সুনাগরিক হিসাবে গড়ে তোলা , নৈতিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য মাদ্রাসাটি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। যুগের সাথে সংগতি রেখে দাখিল স্তরে বিজ্ঞান, কম্পিউটার ও মানবিক বিভাগ চালু হয়েছে।বর্তমানে মাদ্রাসাটিতে একটি তিনতলা ভবন, দুটি দ্বিতল ভবন, ও দুটি আধাপাকা টিনের ঘর বিদ্যমান রয়েছে।